
ভারত ছাড়া বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সহ ৭৫ টি দেশকে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করছে আমেরিকা।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়ে দিয়েছে, অনির্দিষ্ট কালের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে। সেই সঙ্গে দিন দুয়েক আগেই লক্ষাধিক ভিসা বাতিল করার কথা ঘোষণা করেছিল হোয়াইট হাউস। মার্কিন বিদেশ দফতর সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ৭৫টি দেশের নাগরিককে অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হবে। এই সমস্ত দেশের অভিবাসীরা অন্যায় ভাবে মার্কিন নাগরিকদের জনকল্যাণে ভাগ বসান। নতুন অভিবাসীরা মার্কিন নাগরিকদের সম্পদ হরণ করবেন না— এটা নিশ্চিত না করা পর্যন্ত ভিসার স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
কোন কোন দেশের ভিসা বন্ধ করা হচ্ছে? পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ করেনি বিদেশ দফতর। তবে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি দেশের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে সোমালিয়া, হাইতি, ইরান, এরিট্রিয়ার মতো দেশ। অভিযোগ, এই সমস্ত দেশের নাগরিকদের বিরুদ্ধে মার্কিন জনগণের বিবিধ অভিযোগ থাকে।









