
ভোটের আগে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে কমিশনের কিছু লোক ও বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন, নিয়ম বহির্ভূতভাবে হোটেলে কমিশন-বিজেপির বৈঠকের আঁতাত স্পষ্ট হয়ে উঠেছে।
যদিও তৃণমূলের প্রকাশ করা ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। এদিকে, নন্দীগ্রামে বিনা কারণে গ্রামবাসীদের মারধর, ভয় দেখানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ছবি দিয়ে সিআরপিএফের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল। চিঠিতে তৃণমূলের দাবি, বিজেপির কথায় কাজ করছে সিআরপিএফ। কেন্দ্রীয় বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি। অবিলম্বে এটা বন্ধ করতে হবে।মঙ্গলবার শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় বেশ কিছু গন্ডগোলের ঘটনা ঘটে। বিশেষ করে নন্দীগ্রামের কাঞ্চনপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেন কয়েক জন গ্রামবাসী। তার প্রতিবাদে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা।
এখন কমিশনকে লেখা চিঠিতে তৃণমূল লিখেছে, ২১০-নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের উপর মাত্রাতিরিক্ত অপরাধমূলক বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন এবং মারধর করার অভিযোগ উঠেছে সিআরপিএফের বিরুদ্ধে। অভিযুক্ত জওয়ানদের সাসপেন্ড করা হোক এবং নিশ্চিত করা হোক এমন ঘটনা যাতে আর না ঘটে।






