
বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার হাইভোল্টেজ ভোটগ্রহণ।তার আগে ট্রাইব্যুনালে কমবেশি ৬৫০টি মামলা নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে মোট ১৩৯ জনের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন এই ১৩৯ জন ভোটার। সেই হিসেবে প্রথম দফার ভোটে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল – ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩১০ জন। যদিও এখনও পর্যন্ত দ্বিতীয় দফা নিয়ে মোট ভোটারের তালিকা প্রস্তুত হয়নি। কারণ ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে নাম তোলার সুযোগ রয়েছে। সেই দফাতেও বেশকিছু ভোটারের নাম সংযুক্ত হবে। কমিশন সূত্রে এও জানা গেছে, এই ৬৫০টি মামলার মধ্যে এমনও ভোটার ছিলেন যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠে গেছিল। তবে দুশ্চিতার জেরে তারা ট্রাইব্যুনালে আবেদন করে ফেলেছিলেন।
এই ধরনের ভোটারদের ক্ষেত্রে কমিশন নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের নাম আগে থেকেই ভোটার তালিকা রয়েছে। সুতরাং তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই।









