
ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর নেতার সন্ধানে সর্বোচ্চ এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা,কেএসএস নামের এই গোষ্ঠীর নেতা সম্পর্কে তথ্য দিলে এই অর্থ দেওয়া হবে।
উল্লেখ্য আমেরিকা কেএসএসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।মার্কিন কর্তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তারা হাশিম ফিনইয়ান রহিম আল-সারাজির অবস্থান সম্পর্কে তথ্য খুঁজছেন। তিনি আবু আলা আল-ওয়ালাই নামেও পরিচিত। আমেরিকার অভিযোগ, তার নেতৃত্বাধীন গোষ্ঠীটি ইরাকে সাধারণ নাগরিক হত্যায় জড়িত এবং আমেরিকার দূতাবাস, কূটনৈতিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। সিরিয়াতেও মার্কিন সেনা ও স্থাপনার ওপর হামলার অভিযোগ রয়েছে।ওয়াশিংটন জানিয়েছে, আল-সারাজির অবস্থানসংক্রান্ত তথ্য দিলে পুরস্কারের পাশাপাশি নিরাপদ স্থানে স্থানান্তরের সুযোগও মিলতে পারে। তবে বিষয়টির বিস্তৃত বিবরণ প্রকাশ করা হয়নি।গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল-সারাজি ইরাকের ক্ষমতাসীন শিয়া জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক-এর একজন সদস্য, যে জোট বর্তমানে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।এর ফলে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। এর আগে চলতি মাসেই আমেরিকা, কাতায়েব হিজবুল্লাহ গোষ্ঠীর নেতার তথ্যের জন্যও অনুরূপ পুরস্কার ঘোষণা করেছিল।
একই সঙ্গে ওয়াশিংটন তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাগদাদের ওপর চাপ বাড়িয়েছে।মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এ চাপের অংশ হিসেবে ইরাকে নগদ অর্থ পাঠানো স্থগিত এবং নিরাপত্তা সহায়তা কর্মসূচির অর্থায়নও কমানো হয়েছে।









