
জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে পর পর রহস্যজনক ভাবে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। যার জেরে এখনও পর্যন্ত ২৩০ জনকে নিভৃতবাসে রাখা হয়েছে।
ছুটি বাতিল করা হয়েছে রাজৌরির হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য নয়, বিষক্রিয়ার জন্যই রাজৌরিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। লখনউয়ের এক গবেষণাগারে নমুনা পরীক্ষার পর প্রাথমিক ভাবে এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে শীতকালীন ছুটিও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর সরকার ইতিমধ্যে রাজৌরি হাসপাতালে অতিরিক্ত ১০ জন ডাক্তারি পড়ুয়াকে পাঠিয়েছে চিকিৎসার কাজে সিনিয়রদের সাহায্য করার জন্য। রাজৌরির বুধল গ্রামে গত দেড় মাসে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রথমে জ্বর, তার পর বমি। তার পরই অচৈতন্য হয়ে মৃত্যু হয় গ্রামবাসীদের।
কয়েক দিন ধরে এই ধরনের উপসর্গ থাকার পর মৃত্যু হচ্ছে তাঁদের। বর্তমানে জম্মুর মেডিক্যাল কলেজ এবং চণ্ডীগড়ের হাসপাতালে অসুস্থদের শারীরিক অবস্থান দিকে নজর রাখছেন চিকিৎসকেরা।








