
ভারতে আশ্রিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য এস জয়শঙ্করের কাছে আর্জি জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। শেখ হাসিনার পাশাপাশি, তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও দেশে ফেরানোর আর্জি জানিয়েছে বাংলাদেশ।
দু’জনকেই মৃত্য়ুদণ্ডের সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইবুনাল। এস জয়শঙ্করের পাশাপাশি, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও কথা হয় খলিলুরের।
তিনি জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ফার্স্ট নীতি নিয়ে চলতে চান। ভারতের সঙ্গেও আস্থা এবং শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখতে আগ্রহী তিনি। সেই সঙ্গে শেখ হাসিনা এবং আসাদুজ্জামানকে ফেরানোর আর্জিও জানান খলিলুর। ভারতের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত। ছাত্র আন্দোলনে বাংলাদেশ তপ্ত হয়ে উঠলে, ২০২৪ সালের ৫ অগাস্ট ভারতে চলে আসেন শেখ হাসিনা। সেই থেকে ভারতেই রয়েছেন তিনি। এর আগেও হাসিনাকে ফেরানোর আর্জি জানায় বাংলাদেশ। তবে ভারতের তরফে এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।









