প্রাতঃভ্রমণে দেখা,আলাপ থেকে ঘনিষ্ঠতা। ২০২১ থেকে ২০২৫ সাল,বছর চারেক পর মাহেন্দ্রক্ষণ, শুক্রবার গোধূলি লগ্নে এক হল দু’টি মন। রাজনীতির গণ্ডি পেরিয়ে সাংসারিক ইনিংস শুরু করলেন রাজ্য বি জে পি -র স্ট্রং ম্যান দিলীপ ঘোষ। সহযোদ্ধা থেকে সহধর্মিণী হলেন বি জে পি মহিলা মোর্চার রিঙ্কু মজুমদার।
নিউটাউনের বাড়িতে সইসাবুদের পর বৈদিক মতে বিয়ে করেছেন তাঁরা।নিউটাউনের এক পার্লারে সাজগোজ সেরে রিঙ্কু মজুমদার বধূর বেশেই শুক্রবার সন্ধ্যায় পৌঁছে যান দিলীপ ঘোষের বাড়িতে। নিউটাউনের একটি আবাসনে থাকেন দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি সাংসদের সেই ফ্ল্যাটেই গোধূলি লগ্নে চার হাত এক হয়েছে দু’জনের। উপস্থিত ছিলেন পরিবার এবং ঘনিষ্ঠ কয়েক জন।জানা গেছে,ঘটা করে বিয়ের পক্ষপাতী ছিলেন না দিলীপ ঘোষ। তাই সাদামাটা ভাবেই তাঁর নিউটাউনের ফ্ল্যাটে বসেছিল বিয়ের আসর। রীতি-আচার মেনে সাদা ধুতি-পাঞ্জাবি পরে ছাঁদনাতলায় হাজির হয়ে ছিলেন দিলীপ ঘোষ। আচার মেনে তিনি কনের বাড়িতে যাননি। বরং এ ক্ষেত্রে রিঙ্কু মজুমদারই কনের বেশে তাঁর বাড়িতে এসেছেন শুক্রবার সন্ধ্যায়। পরনে লাল বেনারসী,মাথায় শোলার মুকুট, কপালে ছোট টিপ, মাথায় লাল ওড়না পরা রিঙ্কুর সাজ ছিল একেবারেই সাবেক কনের মতোই। কনের রিঙ্কুর সঙ্গে এসে ছিলেন কয়েক জন কনেযাত্রী। তবে তাঁর পুত্র আসেননি।উল্লেখ্য রিঙ্কু বিবাহবিচ্ছিন্ন।প্রথম পক্ষের এক পুত্রসন্তান রয়েছেন তাঁর। বছর ২৫-এর যুবক সৃঞ্জয় জানিয়েছেন, তিনি বিয়েতে থাকতে পারছেন না।তবে তাঁর থাকার ইচ্ছা ছিল। প্রসঙ্গত,সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন সৃঞ্জয়। তবে বর্তমানে ভিন্রাজ্যে রয়েছেন তিনি। এদিকে বিয়ের বাসরে কোনও হাইপ্রোফাইল নেতা-মন্ত্রীকে দেখা যায়নি। এমনকি বিয়ের ভোজের তালিকাও ছিল আড়ম্বরহীন।বিয়ের কারণে দিলীপ ঘোষের রাজনৈতিক কর্মসূচিতে কোনও পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে।প্রতি দিনের মতো বিয়ের পরের দিন শনিবার সকালেও নিউ টাউনে প্রাতর্ভ্রমণে বেরোবেন তিনি।সঙ্গে নববধূ অবশ্য থাকবেন না।
রীতি-আচার মেনে বিয়ের পরের দিন বাড়িতেই থাকবেন রিঙ্কু। ঘটনাচক্রে শনিবার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের জন্মদিন। প্রাতর্ভ্রমণের সঙ্গীরা সকালে তাঁর জন্মদিন পালন করতে পারেন।যে প্রাতর্ভ্রমণে বেরিয়ে বছর ৬৩-র দিলীপ ঘোষ খুঁজে পেয়েছেন জীবনসঙ্গী রিঙ্কু মজুমদারকে ।









