
বড়সড় এক বড় বাধার মুখে পড়েছে জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন। তাদের শক্তিশালী রকেটটি মহাকাশে গুরুত্বপূর্ণ একটি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে বসাতে পারেনি।
তবে এই মিশনে রকেটটির গুরুত্বপূর্ণ অংশ বুস্টার নিরাপদে পৃথিবীতে ফিরে আসায় ভবিষ্যতের জন্য আশার আলোও দেখছে কোম্পানিটি। দু দিন আগে একটি স্যাটেলাইটকে কক্ষপথে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে কোম্পানিটির নিউ গ্লেন রকেট।ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এ উৎক্ষেপণটি ছিল নিউ গ্লেন রকেটের তৃতীয় মিশন।২০২৮ সালে নাসার আর্টেমিস ফোর অভিযানের জন্য ব্লু অরিজিনের ব্লু মুন ল্যান্ডার উৎক্ষেপণের লক্ষ্যেই এ রকেটটি তৈরি করা হচ্ছে।এ অভিযানের মূল লক্ষ্য ছিল এএসটি স্পেসমোবাইল-এর তৈরি বিশালাকার এক,ব্লুবার্ড ৭ স্যাটেলাইট কক্ষপথে পৌঁছে দেওয়া। তবে নিউ গ্লেন রকেটের উপরের অংশ থেকে আলাদা হওয়ার পরপরই স্যাটেলাইট থাকা পেলোডটি হারিয়ে যায়।এক বিবৃতিতে এএসটি স্পেসমোবাইল বলেছে, স্যাটেলাইটটি রকেট থেকে আলাদা ও সচল হয়েছে ঠিকই তবে এর উচ্চতা এতই কম যে নিজস্ব থ্রাস্টার প্রযুক্তির সাহায্যে তা টিকে থাকতে পারবে না।
ফলে স্যাটেলাইটটিকে কক্ষপথ থেকে সরিয়ে ফেলা বা ধ্বংস করা হবে।ব্লুবার্ড ৭ স্যাটেলাইটটি সরাসরি স্মার্টফোনে ব্রডব্যান্ড নেটওয়ার্ক সার্ভিস দেওয়ার জন্য তৈরি হয়েছিল, যার প্রাথমিক কার্যক্রম এ বছরই শুরুর পরিকল্পনা ছিল ব্লু অরিজিনের।









