
ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে নতুন করে ২৩টি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইলন মাস্কের মহাকাশ অভিযান কোম্পানি স্পেসএক্স।ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে রকেটের উৎক্ষেপণ ঘটেছে,যা স্পেসএক্সের ৪০১তম সফল রকেট উৎক্ষেপণ। আর ২০২৫ সালের হিসাবে এটি স্পেসএক্সের ১১তম ফ্যালকন ৯ মিশন ও সপ্তম স্টারলিংক মিশন।
মহাকাশে উৎক্ষেপণের সময় যে কোনো রকেটই এত জোরে শব্দ করে যে তা অনেক মাইল দূর থেকেও শোনা যায় এবং শরীরেও সেই কাঁপুনি অনুভূত হয়।মানুষ ও স্যাটেলাইট পাঠানোর কাজে ব্যবহৃত স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটও এর ব্যতিক্রম নয়। ২০১০ সালে প্রথম উৎক্ষেপণের পর থেকে চারশ’রও বেশি বার মহাকাশে উৎক্ষেপিত হয়েছে ফ্যালকন ৯ রকেট। যার অনেকগুলোর উৎক্ষেপণ হয়েছে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে।এদিকে ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি যুক্তরাষ্ট্রের ভেনচুরা কাউন্টি থেকে ৬০ থেকে ১০০ মাইল দূরে হলেও সেখানকার মানুষ মাঝেমধ্যে ফ্যালকন ৯ রকেটের জোরালো সোনিক বুম শুনতে পান এবং এর কাঁপুনিও অনুভব করেন তারা।এ রকম ফ্রিকোয়েন্সির শব্দ তখনই তৈরি হয় যখন রকেট শব্দের গতির চেয়ে বেশি দ্রুত বেগে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ছুটে যায়।
যুদ্ধযানের সোনিক বুমের তীক্ষ্ণ শব্দের তুলনায় ফ্যালকন ৯ রকেটের শব্দ অনেক ভারী ও অনেকটা গর্জনের মতো, যা ঘরের জানালা ও দেয়াল কাঁপিয়ে তোলে। এর ফলে ঘরের মধ্যে ছোট ভূমিকম্পের অনুভুতিও পান লোকজন।ফ্যালকন ৯ রকেটের উৎক্ষেপণের সংখ্যা যত বাড়ছে আশপাশের বিভিন্ন এলাকা থেকে সনিক বুম শোনার খবরও তত বেশি বাড়ছে বলে জানা যাচ্ছে।









