
কেরলের সুপারস্টার অভিনেতা মাম্মুট্টির বিরুদ্ধে সিপিএমের একাংশ ক্যাডার ও সমর্থকদের সমালোচনার জেরে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে।
সিপিএমের হাজার হাজার সমর্থক এখন সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়,ভোটের মুখে তাঁরা এই মালায়ালি সুপারস্টারকে আক্রমণ করছেন বলে অভিযোগ উঠতেই মুখ্যমন্ত্রী বলেছেন, এ ধরনের ঘটনা হওয়া উচিত ছিল না। তিরুবনন্তপুরমে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজয়ন বলেন,খবর এসেছে সিপিএমের সাইবার কর্মীরা মাম্মুট্টিকে আক্রমণ করেছেন। তাঁরা কি চিনতে পারেননি যে তিনি মালয়ালি মহান অভিনেতা? যদি এই প্রচারের কারণে তিনি কোনও অস্বস্তি বা কষ্ট পেয়ে থাকেন, আমি তাঁর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি।উল্লেখ্য,সম্প্রতি মাম্মুট্টি ওয়েনাড় মডেল টাউনশিপ পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে সিপিএমের ওয়েনাড় জেলা সম্পাদক কে রফিক তাঁর সঙ্গে ছিলেন। সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায়,মাম্মুট্টি, রফিককে বলছেন তাঁর খুব কাছাকাছি না হাঁটতে। অভিনেতার বক্তব্য ছিল, এতে মনে হতে পারে যে তিনি রাজনৈতিক দলের আমন্ত্রণে এসেছেন।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়। বামেদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অভিনেতাকে সমালোচনা করা হয় এবং বলা হয় তিনি সিপিএম নেতাকে অপমান করেছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, মাম্মুট্টির প্রতিক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কারণ তাঁর ওই সফর ছিল ব্যক্তিগত এবং সে সম্পর্কে সরকার বা রাজনৈতিক দলকে আগে থেকে জানানো হয়নি।









