
ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা-সহ তৃণমূলের একাধিক-নেতৃত্বর সামনেই ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি শুরু হয়েছে ভাঙড়ে। এই ঘটনায় উত্তেজনার ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠে। সূত্রের খবর, ভোজেরহাট ফুটবল মাঠে খারম্বা ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় ৮ দলীয় নকআউট ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রবিবার রাতে খেলা চলাকালীন হঠাৎই দর্শকদের একাংশের মধ্যে বচসা থেকে মারামারি শুরু হয়। অভিযোগ, বেধড়ক মারধর চলে মাঠ চত্বরে।
তবে কী কারণে আচমকা মারামারি শুরু হয়, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পোলেরহাট থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।









