
সিকিমের স্টেটহুডের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি বলেছেন , বিজেপি সরকার যে কাজ আজ করছে সেটা আগেও হতে পারত। কংগ্রেস সরকার সিকিমের উন্নয়নের ধারাকে রোধ করে রেখেছিল।
সেবক , রংপো রেলপ্রজেক্ট তার প্রকৃষ্ট উদাহরণ। যার মঞ্জুরি ২০০৮ সালে হয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। শুধু কাগজেই সীমাবদ্ধ ছিল। ফাইলেই বন্দি হয়ে ছিল। কেন্দ্রে বিজেপি সরকার আসার পরে বিকাশে গতি এসেছে। প্রথমবার সিকিমে রেল পৌঁছতে চলেছে।
পাশাপাশি তার মুখে শোনা যায় এক ভারত , শ্রেষ্ঠ ভারতের কথাও। তিনি বলেছেন , অনুষ্ঠানের সমস্ত কোরিওগ্রাফার ও সংগীতজ্ঞদের অভিনন্দন। দেশে রাজনৈতিক স্বার্থের কারণে আঞ্চলিকতাবাদ , বর্ণবৈষম্য ও বিভাজনের নিরন্তর প্রচেষ্টা চলছে। সিকিম এক ভারত , শ্রেষ্ঠ ভারত- এর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। চোখের সামনে গোটা ভারতবর্ষকে দেখতে পাওয়া যাচ্ছে।









