
রাজ্যে জরুরি অবস্থা জারির মাধ্যমে সেনাকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হচ্ছে বলে বিস্ফোরক দাবি করেছেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। ফোর্ট উইলিযামে সেনাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে দলীয় কর্মসূচি থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করছেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে মীরজাফর বলে বেলাগাম আক্রমণও করেছেন। মালদার রতুয়াতে রতুয়া-১ ব্লক তৃণমূলের উদ্যোগে ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি হয়েছে। প্রথমে একটি মিছিল হয়। পরবর্তীতে হয় পথসভা। আব্দুর রহিম বক্সির অভিযোগ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি শাসনের চক্রান্ত করছেন। তাঁরা ভাবছেন তাঁদের সেনা দিয়ে, বিএসএফ দিয়ে, সিআরপিএফ দিয়ে মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করবেন। আর তাঁদের মদত দিচ্ছে বাংলার মীরজাফর শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, দাবি বিধায়ক আব্দুর রহিম বক্সির। সঙ্গে আরও অভিযোগ, বিজেপি, কংগ্রেস সিপিএমকে টাকা দিচ্ছে। তারা ছোট ছোট মিছিল করছে। ভোট কাটার জন্য। কিন্তু বাঙালিদের উপর অত্যাচার নিয়ে তারা নীরব।
যদিও এই নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।









