
বিতর্কিত কাশির সিরাপ কোল্ডরিফ প্রস্তুতকারক সংস্থা স্রেসান ফার্মাসিউটিক্যালস-এর যোগসূত্র ধরে এ বার তামিলনাড়ুর একাধিক জায়গায় অভিযান শুরু করেছে ইডি। সোমবার সকাল থেকে চেন্নাইয়ের অন্তত সাতটি জায়গায় হানা দিয়েছে ইডি।
চলছে তল্লাশি অভিযান। তামিলনাড়ুর ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে সম্প্রতি বিষাক্ত কাশির সিরাপ তৈরির পাশাপাশি টাকা নয়ছয়েরও অভিযোগ উঠেছে। এর পরেই ওই সংস্থার বিভিন্ন দফতরে হানা দিয়ে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি, অর্থ তছরুপ প্রতিরোধ আইন-র অধীনে তামিলনাড়ুর খাদ্য ও ওষুধের গুণমান নিয়ন্ত্রক দফতর-র শীর্ষকর্তাদের বাসভবনেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। সম্প্রতি কোল্ডরিফ খেয়ে মধ্যপ্রদেশে ২০টি শিশুর মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে।
পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানেও একই ওষুধ খেয়ে বেশ কয়েক জন শিশুর অসুস্থ হয়ে পড়ার কথা শোনা যায়। স্রেসান ফার্মা নামে তামিলনাড়ুর যে সংস্থা ওই কাশির সিরাপ তৈরি করেছিল, দিন চারেক আগেই তার মালিক জি রঙ্গনাথনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।








