
দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজস এবং বহুমুখী ব্যবহারযোগ্য হালকা হেলিকপ্টার ধ্রুব কিনতে পারে মিশর।জানা গিয়েছে, চলতি সপ্তাহে তেজস এবং ধ্রুব-এর নির্মাতা রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড হ্যাল-এর সদর দফতর এবং কারখানা পরিদর্শন করতে ভারতে আসতে পারে মিশরের প্রতিরক্ষা দফতরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, হ্যালের থেকে ১৮টি তেজস মার্ক ১-এ যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে মিশর। ইতিমধ্যেই মালয়েশিয়াকে তেজস যুদ্ধবিমান বিক্রির বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়ে গিয়েছে। মিশরের প্রতিনিধিদের এই সফরেই প্রাথমিক সমঝোতাপত্রে সই হতে পারে বলে জানা গিয়েছে। ভারতে তৈরি একক-ইঞ্জিনের ওই যুদ্ধবিমানে আগ্রহ দেখিয়ে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিশর, আমেরিকা, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের মতো দেশ। হালকা ওজনের হলেও তেজস যুদ্ধবিমান অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে পারে। শত্রুপক্ষের নজরের বাইরে থাকা অবস্থাতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে তেজস।









