
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের ভোট বলে কটাক্ষ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের এক্স হ্যান্ডেলে শেখ হাসিনার দাবি, দেশবাসী এই প্রহসনের ভোটকে প্রত্যাখান করেছেন।
সে জন্য তাঁদের ধন্যবাদও দিয়েছেন আওয়ামী লিগের প্রধান। তিনি লিখেছেন, অবৈধ এবং অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী মহম্মদ ইউনূসের আজকের তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে বুড়ো আঙুল দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামী লিগ বিহীন— ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন।
তিনি ভোট কেনাবেচা, কারচুপির অভিযোগও করেছেন। এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তাঁরা চান, সরকারটা হোক জনগণের, কোনও দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। দল, ব্যক্তি ও পরিবারের গণ্ডি অতিক্রম করে ১৮ কোটি মানুষের সরকার কায়েম হবে শুক্রবার থেকে, সেটাই আশা করবেন।







