
আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগে তেলঙ্গানার সেচ দফতরে কর্মরত এক ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা। অভিযুক্ত ওই সরকারি ইঞ্জিনিয়ার নুনে শ্রীধরের ১৩ ঠিকানায় তল্লাশি অভিযান চালানোর পর তাঁর সম্পত্তির বহর দেখে স্তম্ভিত হয়ে যান দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা।
খবর, সম্প্রতি তাইল্যান্ডে কয়েক কোটি টাকা খরচ করে পুত্রের বিয়ে দিয়েছেন শ্রীধর। শ্রীধরের বিরুদ্ধে মাসকয়েক আগেই আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল। কিন্তু সম্প্রতি বিদেশে পুত্রের বিয়ের ঘটনা এসিবির নজর কাড়ে। শ্রীধরের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামে তারা। স্থাবর এবং অস্থাবর মিলিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার হয়েছে বলে এসিবি সূত্রের খবর। এসিবি-র এক আধিকারিক জানিয়েছেন,হায়দরাবাদের শেকপেটে একটি আবাসনে ৪৫০০ বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে শ্রীধরের।
এ ছাড়াও করিমনগরে রয়েছে আরও তিনটি ফ্ল্যাট। যেগুলির এক একটির দাম কোটি টাকার উপরে। শুধু তা-ই নয়, এসিবি আধিকারিকেরা জানিয়েছেন, ফ্ল্যাট ছাড়াও শ্রীধরের কয়েকটি বাংলোও রয়েছে। তার মধ্যে একটি হায়দরাবাদের তেল্লাপুরে রয়েছে। বাকিগুলির খোঁজ চলছে। এ ছাড়াও ওয়ারাঙ্গল, করিমনগর এবং হায়দরাবাদে তিনটি বাড়ি রয়েছে ইঞ্জিনিয়ারের।








