
তিন বছর আগে মুক্তি পাওয়া কানতারা সিনেমার প্রিকুয়েল কানতারা চ্যাপ্টার ওয়ান নিয়ে পর্দায় ফিরে রীতিমতো ঝড় তুলেছেন ঋষভ শেঠি। সিনেমাটি মুক্তির পরই একাধিক রেকর্ড ভেঙেছে।
রিপোর্ট অনুসারে, কানতারা চ্যাপ্টার ওয়ান-এর প্রথম সপ্তাহ অসাধারণ ছিল, সংগ্রহ করেছিল ৩৩৭ দশমিক ৪ কোটি টাকা। ছবিটি দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবম দিনে আয় করেছে ২২ দশমিক ২৫ কোটি এবং দশম দিনে এটির আয় ৭৫ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সংগ্রহ করেছে ৩৯ কোটি টাকা।রবিবার ছবিটি ৩৯ কোটি টাকা আয় করেছে, যার ফলে এর মোট ঘরোয়া আয় ৪৩৭ দশমিক ৬৫ কোটি টাকা। ফলে ছবিটি ,সালার পার্ট ওয়ান-সিজফায়ার-এর ভারতের আয় ছাড়িয়ে গিয়েছে, যা আগে ৪০৬ দশমিক ৪৫ কোটি টাকা আয় করেছিল। শুধু তাই নয়, ভারতে ৪২০ কোটি টাকা আয় করা এস এস রাজামৌলির বাহুবলী দ্য বিগিনিং-কেও ছাড়িয়ে গেছে ঋষভের ছবিটি। এছাড়াও, চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা,সাইয়ারা’র আয়কেও ছাড়িয়ে গেছে কানতারা চ্যাপ্টার ওয়ান। এর আগে,আহান পান্ডে ও অনীত পাড্ডার সাইয়ারা ভারতে ৪০৯ কোটি টাকা আয় করে। এটি রজনীকান্তর জেলার’কেও ছাড়িয়ে গেছে, যা ৪০৭ কোটি টাকা আয় করেছে।উল্লেখ্য কানতারা চ্যাপ্টার ওয়ান, ২০২২ সালে মুক্তি পাওয়া কানতারা সিনেমার প্রিকুয়েল।
আগের ছবিটির সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, আর ঋষভ শেঠি যেন সে প্রত্যাশারও ঊর্ধ্বে চলে গেছেন।অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনাও করেছেন ঋষভ শেঠি।









