
ভোট প্রশিক্ষণে জায়ান্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার, আপত্তি করায় রানাঘাটে শিক্ষককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে।
হাঁসখালির বিডিও-র দাবি কোনও আক্রমণের ঘটনা ঘটেনি। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন বিডিও সায়ন্তন ভট্টাচার্য। জানা গিয়েছে শুক্রবার নদিয়ার রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে ভোটের প্রশিক্ষণ ছিল। সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ভোট প্রশিক্ষণ নিতে এসেছিলেন। অভিযোগ প্রশিক্ষণ শুরুর আগে জায়ান্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পের প্রচার চলছিল। আদর্শ আচরণবিধির মধ্যে কিভাবে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রচার চালানো যায় তা নিয়ে প্রশ্ন তোলেন প্রাথমিক স্কুলের শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়। অভিযোগ এরপরেই বিডিও অফিসের কর্মারা তাঁকে ঘিরে ধরে মারধর করেন। ভেঙে দেওয়া হয় চশমা। আক্রান্ত শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়ের অভিযোগ বিডিও সায়ন্তন ভট্টাচার্য-র নির্দেশে তাঁকে মারধর করা হয়েছে। প্রতিবাদে অন্যান্য ভোটকর্মীরা প্রশিক্ষণ স্থগিত রেখে বিক্ষোভ দেখাতে থাকেন।
ভোটকর্মীদের অভিযোগ ঘটনার সময় কোনও পুলিশকর্মী উপস্থিত ছিলেন না। ইতিমধ্যেই তাঁরা এফআইআর দায়ের করেছেন। নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হবে। দোষীরা শাস্তি না পেলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন।






