
কুকি জনজাতির বিক্ষোভে নতুন করে অশান্তি ছড়িয়েছে মণিপুরের কাংপোকপিতে। বিক্ষোভকারীরা কাংপোকপির এক ডেপুটি কমিশনারের দফতরে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হামলায় জখম হয়েছেন এক পুলিশকর্মীও। কাংপোকপির পাহাড়ি এলাকা থেকে নিরাপত্তা বাহিনীকে সরানোর দাবি তুলে আসছে কুকি জনজাতির মানুষেরা। সেই দাবি নিয়ে কাংপোকপির পরিবহণ ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা। নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা তাতে বাধা দিয়েছে বিক্ষোভকারীদের। এরপরেই কাংপোকপির ডেপুটি কমিশনারের দফতরের দিকে এগিয়ে যায় বিক্ষুব্ধ কুকি জনতা। ভবনকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। পাল্টা জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনীও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি শূন্যে গুলিও চালানো হয়েছে বলে জানা গিয়েছে। নিরাপত্তা বাহিনী ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বেশ কয়েকজন বিক্ষোভকারী হুড়োহুড়িতে আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কাংপোকপিতে আরও নিরাপত্তা বাহিনী পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। গত ২৯ ডিসেম্বরও নিরাপত্তা বাহিনীকে ঘিরে বিক্ষোভ চলেছে কাংপোকপি জেলায়। বছর শেষে মণিপুরের অশান্তির জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী।
যা ঘটেছে, তা ভুলে গিয়ে নতুন করে শুরু করার কথা বলেছেন। তিনি আশা করেছেন চলতি বছরে শান্তি ফিরবে মণিপুরে। তবে এর মধ্যেও বার বার অশান্তি ছড়িয়েছে মণিপুরের বিভিন্ন প্রান্তে।









