
তেইশ হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোকসির ১৩টি সম্পত্তির নিলাম প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। আর্থিক তছরুপ বিরোধী আইন বিষয়ক আদালত ৪৬ কোটি টাকার কোম্পানির নিলামের অনুমতি দিয়েছে।
এর মধ্যে রয়েছে বোরিভালির একটি ফ্ল্যাট, বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারত ডায়মন্ড বোর্স এবং কার পার্কিং স্পেস, গোরেগাঁওয়ের ছ’টি কারখানা, রুপোর ইট, মূল্যবান রত্ন এবং কোম্পানির অনেক মেশিন। আদালত জানিয়েছেন, যদি এই সম্পত্তিগুলি এভাবেই পড়ে থাকে, তাহলে তাদের দাম কমতে থাকবে। তাই অবিলম্বে নিলাম করা প্রয়োজন। লিকুইডেটরের আবার সম্পত্তির ভ্যালুয়েশন করানোর অধিকার রয়েছে। এরপর সম্পত্তি নিলাম করা যাবে। আদালত বলেছে যে লিকুইডেটর প্রাপ্ত অর্থ জমা করার জন্য আইসিআইসিআই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করতে পারে। উল্লেখ্য, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি লিকুইডেটরে নিয়োগ করেছিল।
এরপর আদালত নীরব মোদী এবং চোকসির সম্পত্তির মূল্য নির্ধারণের অনুমতি দেয়। বর্তমানে নীরব মোদী ব্রিটেনের জেলে এবং চোকসি বেলজিয়ামের জেলে রয়েছেন।






