
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র শুভেচ্ছা পৌঁছে দেন অজিত ডোভাল। পাশাপাশি ভারত-ইউএই কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এই সফরটি সাম্প্রতিক সময়ে ভারতের তরফে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে চলতি মাসেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দু’দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সেই বৈঠকে তিনি ইউএই-তে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান।









