গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports মেসির ৮৯৯তম গোল

    মেসির ৮৯৯তম গোল

    0
    45
    ছবি সৌজন্যে : এক্স

    মেজর লিগ সকারের নতুন সিজনে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। বাল্টিমোরে রেকর্ড দর্শকের সামনে ওয়াশিংটনের দল ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে গোল করে ক্যারিয়ারের ৯০০তম গোলের আরও কাছে পৌঁছে গেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি।

    ম্যাচে নিজের ৮৯৯তম গোল করেছেন মেসি। তাকে ঘিরে দর্শকদের আগ্রহ এতটাই বেশি ছিল যে ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের ছোট মাঠ থেকে ম্যাচটি সরিয়ে বাল্টিমোরে আয়োজন করা হয়। সেখানে ৭২ হাজার ২৬ জন দর্শকের সামনে খেলেন দুই দল। দর্শকদের হতাশ করেননি মেসি। প্রথমার্ধেই তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।মায়ামির হয়ে আরেকটি গোল করেন রদ্রিগো দে পল। ম্যাচের ৭৫ মিনিটে টাই বারিবো একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি ডিসি ইউনাইটেড।মেসি ও তার দলের জন্য এই সপ্তাহটি ছিল বেশ ঘটনাবহুল। ক দিন আগে পুরো দল নিয়ে তারা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউজে গিয়েছিলেন। সেই আনন্দঘন মুহূর্তের একদিন পর মাঠে নেমে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় মায়ামি।ম্যাচের ১৭ মিনিটে প্রায় ১৫ গজ দূর থেকে দূরের পোস্টে শট নিয়ে গোল করেন রদ্রিগো দে পল। এরপর ২৭ মিনিটে মাতেও সিলভেত্তির পাস পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে জালে পাঠান মেসি। এতে তিন ম্যাচে নিজের তৃতীয় গোল করেন তিনি।৩৮ বছর বয়সী ফরোয়ার্ড লিওনেল মেসি ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়ার সুযোগ রয়েছে তার সামনে। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

    সিজনের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসের দলের কাছে ৩-০ গোলে হেরে শুরু করেছিল মায়ামি। পরে অরল্যান্ডো সিটির বিপক্ষে জয় পায় তারা। তিন ম্যাচে দুই জয় নিয়ে এখন ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে মেসির মায়ামি।