
এসআইআর আতঙ্কে পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিমল সাঁতরা নামে ওই ব্যক্তি তামিলনাডুতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। পরিবারের দাবি এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন।
পরিবারের তরফে জানা গিয়েছে তামিলনাড়ুর তাঞ্জিবুর জেলার পাটুকুটা এলাকায় ধান কাটার কাজে কর্মরত ছিলেন বিমল। দীর্ঘদিন ধরেই সেখানে কাজে ছিলেন। সম্প্রতি কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তারমধ্যে বাংলায় এসআইআর চালু হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাঞ্জিবুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বিমল সাঁতরার।
পরে স্থানীয় প্রশাসন ও জামালপুর বিধায়ক অলোক কুমার মাজির উদ্যোগে শনিবার সন্ধেয় বিমল সাঁতরার দেহ বাড়িতে পৌঁছয়। শোকের ছায়া নেমে আসে এলাকায়। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাজি সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।









