
বেলেঘাটার কাউন্সিলরের বিরুদ্ধে গুন্ডাদের সঙ্গে নিয়ে সিইও অফিস ঘেরাওয়ের অভিযোগ করেছে নির্বাচন কমিশন। সিইও দফতরে ফর্ম ৬ ইস্যুতে ধুন্ধুমার পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছে সিইও দফতর।
গোলমালের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিইও অফিসের তরফে অভিযোগ করা হয়েছে বেলেঘাটার কাউন্সিলর গুন্ডাদের নিয়ে অনৈতিকভাবে মধ্যরাতে কমিশনের বাইরে স্লোগান দিয়েছেন। এই ধরণের সমাজবিরোধী কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছে সিইও অফিস। স্পষ্ট বলা হয়েছে বাংলার স্বচ্ছ এবং স্বাভাবিক ভোট করাতে তাঁরা বদ্ধপরিকর। মঙ্গলবার রাতে ফর্ম ৬ জমা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূল পন্থী বিএলও এবং বিজেপির কর্মী সমর্থকদের হাতাহাতি, সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সিইও দফতরের বাইরের এলাকা। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। রাতে সিইও দফতরে যান কলকাতার পুলিশ কমিশনার। সিইও-র সঙ্গে বৈঠক করেন। সেই সময় বেলেঘাটার কাউন্সিলর কর্মী-সমর্থকদের নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও বিশাল কেন্দ্রীয়বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে মঙ্গলবারের ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে স্ট্র্যান্ড রোডের সিইও দফতর। তারমধ্যেই বুধবার এসইউসিআইয়ের বিক্ষোভে ফের উত্তপ্ত হয়ে ওঠে সিইও দফতর।







