
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে বিরোধীরা। এদিন সংসদ চত্বরে স্লোগান দিতেও শোনা যায় বিরোধীদের।
তারা বলছিলেন ,’হরদীপ পুরি ইস্তফা দো , হরদীপ পুরি শেম শেম’… যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর ইমেলে কথা হয়েছিল। ৩০ জানুয়ারি আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস-এর প্রকাশিত এই নথিকে ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। বৃহস্পতিবারও সংসদে এমন অভিযোগ এনেছেন ব্লকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের অভিযোগকে খণ্ডন করে পুরী দাবি করেছেন, তিনি এপস্টিনের সঙ্গে নিজে দেখা করতে চাননি। সেটা করিয়ে দেওয়া হয়েছিল। আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস-এর প্রকাশিত নথিতে দাবি করা হয়েছে, ২০১৪ সালের ১৩ নভেম্বর এপস্টিন এবং লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যানকে ইমেল করেছিলেন হরদীপ সিং পুরী।
প্রকাশিত নথিতে দাবি করা হচ্ছে, পুরী সেখানে এপস্টিনকে জানান যে, তাঁর এক সহযোগীর ভিসার ব্যবস্থা করে দিতে সাহায্য করেছেন যাতে তিনি ভারতে বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারেন। ওই নথিতে আরও দাবি করা হয়েছে, ২০১৫ সালের ডিসেম্বরে পুরীর একটি একটি ইমেল ফরোয়ার্ড করেন এপস্টিন। সেখানে নরওয়ের কূটনীতিক তেরিয়ে লারসেনের সঙ্গে সাক্ষাতের জন্য সময় বার করার কথা বলা হয়েছিল।









