
এক মাসেরও আগে সেনা ছাউনিতে কাজ করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান বছর ছাপ্পান্নর এক প্রৌঢ়। এই অবস্থায় ওই নিখোঁজ মামলার তদন্তভার সিবিআইয়ের উপর দিতে চাইছে মণিপুর সরকার।
এমনটাই জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।নিখোঁজ প্রৌঢ়ের নাম লইশরাম কমল বাবু। এক ঠিকাদার সংস্থার হয়ে মণিপুরের কাংপোকপি জেলার লেমাখঙে সেনাছাউনিতে কাজ করতে গিয়েছিলেন তিনি। ২৫ নভেম্বর সেনা ছাউনির কাজ শেষের পর রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান তিনি। সেনার তরফে খোঁজাখুঁজি করা হলেও কোনও লাভ হয়নি। কাংপোকপি হল কুকি জনজাতি অধ্যুষিত একটি জেলা। নিখোঁজ প্রৌঢ়ের পরিবারের অভিযোগ, কুকি জনজাতির সশস্ত্র গোষ্ঠী তাঁকে অপহরণ করে নিয়েছে। তা নিয়ে মণিপুর হাইকোর্টের দ্বারস্থ হন লইশরামের পরিবার।মণিপুর হাইকোর্টের নির্দেশে কাংপোকপির জেলাশাসক মহেশ চৌধুরী, পুলিশ সুপার মনোজ প্রভাকরকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে।
কিন্তু ওই প্রৌঢ়ের নিখোঁজ-রহস্যের এখনও পর্যন্ত কোনও কিনারা হয়নি। এই আবহে মণিপুর সরকারের মন্ত্রিসভার বৈঠকে তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।









