
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগেই মার্কিন প্রেসিডেন্টের বড় শুল্ক ঘোষণার পরেই ধস নেমেছে শেয়ার বাজারে।মঙ্গলবার দুপুরে ১ হাজার একশো পয়েন্টেরও বেশি পড়েছে সেনসেক্সের সূচক।
সব মিলিয়ে গত পাঁচদিন ধরে লাগাতার নিম্নমুখী শেয়ার বাজার। তার জেরে অন্তত ৭.৬৮ লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা উল্লেখ্য ক্ষমতায় ফিরেই একের পর এক বিরাট অঙ্কের শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের মধ্যেই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে হোয়াইট হাউস।যেখানে অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ইস্পাতজাত পণ্যও ভারত থেকে আমেরিকায় পাঠানো হয়। ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার জেরে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন ভারতীয় ব্যবসায়ীরা। ট্রাম্পের এমন ঘোষণার জেরেই ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে। মঙ্গলবার দুপুর সোয়া একটা নাগাদ ১২ শো পয়েন্টেরও বেশি নেমে যায় সেনসেক্সের সূচক। আগের দিনের তুলনায় সূচক কমে ১.৬১ শতাংশ।স্মল এবং মিডক্যাপের বিনিয়োগে বড়সড় লোকসান হয়েছে। তথ্যপ্রযুক্তি, ব্যাঙ্কিং, ধাতু- ধাক্কা খেয়েছে প্রত্যেক সংস্থার শেয়ার। ৩০০ পয়েন্ট পতন হয়েছে নিফটিতেও।এছাড়াও ভারতের বাজার থেকে শেয়ার তুলে নিচ্ছে বিদেশি সংস্থাগুলি। তার জেরে দুর্বল হচ্ছে ভারতের বাজার।
বিশ্বে লাগাতার শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। তার নিরিখে টাকার দামে পতন হচ্ছে। তার প্রভাবেই ধস নামছে ভারতের বাজারে। বলা হচ্ছে গত পাঁচদিনে ৭ লক্ষ কোটি টাকারও বেশি লোকসান হয়েছে ভারতের বাজারে।








