
নয়ডায় ৫ দিন ধরে গোটা পরিবারকে ডিজিটাল অ্যারেস্ট করে ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। চন্দ্রভান পালিওয়াল নামে এক ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি তাঁর কাছে একটি ফোন এসেছিল।
তাঁকে বলা হয় টেলিকম রেগুলেটরি অথোরিটিতে ফোন করতে নাহলে তাঁর ফোন নম্বর ব্লক করে দেওয়া হবে। এও দাবি করা হয়, একটি প্রতারণার মামলায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে এবং তাঁর এই ফোন নম্বরটির সন্ধান পাওয়া গেছে।ব্যক্তির দাবি, এই ফোনের ঠিক ১০ মিনিটের মধ্যে এক আইপিএস অফিসার ভিডিও কল করেন তাঁকে। তারপর বলা হয়, তাঁর নামে নাকি ২৪টি মামলা রয়েছে, আর্থিক প্রতারণার মামলাতেও তাঁর নাম পাওয়া গেছে। একইসঙ্গে এও দাবি করা হয়, সিবিআই এই মামলার তদন্ত করছে। পালিওয়াল জানিয়েছেন, একইরকম ভাবে পরপর ভিডিও কল করা হয়েছিল তাঁর মেয়ে এবং স্ত্রীকেও।
টানা ৫ দিন তাঁরা ফোন রাখতেই পারেননি। এর মাঝেই শুধুমাত্র গ্রেফতারির হুমকি দিয়ে তাঁদের থেকে ১ কোটি টাকা নেওয়া হয়েছে।









