
মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের আলোচিত অভিনেত্রী শেফালী জারিওয়ালা। কাঁটা লাগা গানে পারফরমেন্স করে যিনি একসময় রাতারাতি তারকাখ্যাতি পান। দু দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যু ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণ হৃদরোগ বলা হলেও মুম্বাই পুলিশ জানিয়েছে, বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয়। ময়নাতদন্তের পরও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এজন্য ফরেনসিক টিম পাঠানো হয় তার বাড়িতে। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত নয় পুলিশ।পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, রিপোর্টে হৃদরোগের কথা বলা হলেও তাঁরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালাচ্ছেন। প্রয়োজনে টক্সিকোলজি রিপোর্ট ও অতিরিক্ত ফরেনসিক বিশ্লেষণ করা হবে।জানা গেছে, শেফালী দীর্ঘদিন ধরে ডিপ্রেশন ও মৃগী রোগে ভুগছিলেন।ছোটবেলা থেকেই তার শারীরিক নানা জটিলতা ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
তবে এসব স্বাস্থ্যগত সমস্যার বাইরে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেটিই এখন খতিয়ে দেখা হচ্ছে। অভিনেত্রীর মৃত্যুর খবরে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সোশ্যাল মিডিয়ায় তার সহকর্মী, ফ্যান ফলোয়ার ও শুভানুধ্যায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।









