
দিল্লিতে বৈঠকে আগে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে অসন্তোষপ্রকাশ করেছেন তিনি।
জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এর আগেও বেশ কয়েকটি চিঠি দিয়েছেন। তাঁর দাবি এসআইআর চলাকালীন ১৪০ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হয়েছে। তারপরেও আইন, নিয়মের তোয়াক্কা না করে এসআইআর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে ৮ হাজারের ওপরে মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছে কমিশন। তাঁর দাবি এটা নির্বাচন কমিশনের ইতিহাসে এই প্রথম। আইন তৈরি না করে কিভাবে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য কোনও রাজ্যে এই ধরণের মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়নি। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছেন আইন অনুযায়ী ভোটের তালিকা সংশোধনের সম্পূর্ণ দায়িত্ব ইআরও এবং এইআরওদের। কিন্তু কার্যত তাদেরকেই কোণঠাসা করে রাখা হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের ক্ষমতা খর্ব করা হয়েছে।
পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে, তা দেশের কোথাও হচ্ছে না। তিনি বলেছেন এই ধরণের ভিন্ন নিয়ম গণতান্ত্রিক পরিকাঠামো, মূল্যবোধ এবং মৌলিক অধিকারের পরিপন্থী।







