
বিশ্ববিখ্যাত স্কি রেসার লিন্ডসি ভন,উইন্টার অলিম্পিকের আসরে বড় দুর্ঘটনার কবলে পড়েছেন। মারাত্মক চোট পেয়ে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।
তবে এই দুর্ঘটনার পরও তিনি জানিয়েছেন, চোট নিয়ে প্রতিযোগিতায় নামার সিদ্ধান্তে তিনি লজ্জিত বা অনুতপ্ত নন। ফাইনালে রেস শুরুর মাত্র ১৩ সেকেন্ডের মাথায় একটি গেটের সঙ্গে লিন্ডসি ভনের ডান হাত আটকে যায়।এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি ঢালে ছিটকে পড়েন। হেলিকপ্টারে করে তাকে ইতালির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার পায়ের টিবিয়া হাড় মারাত্মকভাবে ভেঙে গেছে এবং সুস্থ হতে একাধিক অস্ত্রোপচার লাগবে।উল্লেখ্য রেসের মাত্র কয়েকদিন আগে সুইজারল্যান্ডে একটি প্রতিযোগিতায় ভনের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল।চিকিৎসকরা ঝুঁকি দেখলেও ভন নিজের স্বপ্নের পেছনে ছুটতে চেয়েছিলেন। তিনি দু’টি ট্রেনিং রান শেষ করে নিজেকে ফিট মনে করেছিলেন।হাসপাতাল থেকে লিন্ডসি ভন জানিয়েছেন, দুর্ঘটনাটি আগের চোটের কারণে হয়নি, বরং রেসিং লাইনের সামান্য ভুলের কারণে হাত গেটে আটকে গিয়েছিল।ভন বলেন, স্বপ্নপূরণ হয়নি ঠিকই, তবে চেষ্টা না করাটাই হতো বড় ব্যর্থতা।আন্তর্জাতিক স্কি ফেডারেশনের সভাপতি ইয়োহান এলিয়াস লিন্ডসি ভনের পাশে দাঁড়িয়েছেন।
তিনি বলেছেন, ভন প্রতিযোগিতার জন্য সম্পূর্ণ ফিট ছিলেন। এই দুর্ঘটনাটি ছিল নিছকই দুর্ভাগ্যজনক, যার সাথে আগের চোটের কোনো সম্পর্ক নেই।









