
বছরের প্রথম তিন মাসে আমদানি বেড়ে যাওয়ার কারণে মার্কিন অর্থনীতি অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে।এই আমদানি বৃদ্ধির পেছনে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনার প্রভাব রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।এপ্রিল মাসের শুরুতে কার্যকর ট্রাম্পের ব্যাপক বাণিজ্য শুল্কনীতি কার্যকর হওয়ার আগে,মার্কিন কাস্টমারদের বিদেশি পণ্য মজুদ করার প্রবণতা ও আমদানির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।
বলা হচ্ছে,ওয়াল স্ট্রিট-এর তিনটি প্রধান সূচকই পড়ে গেছে, নাসডাক ২ শতাংশেরও বেশি কমেছে। এদিকে,ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প এ পরিস্থিতির জন্য প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিকে দায়ী করে বলেছেন, এটাই বাইডেন, এটি ট্রাম্প নয়। তবে তিনি প্রথম প্রান্তিকে মোট স্থায়ী বিনিয়োগ ২২ শতাংশ বৃদ্ধির বিষয়টিকে বিস্ময়কর ও লক্ষণীয় বলে উল্লেখ করেছেন।উল্লেখ্য,জো বাইডেনের সময় আমেরিকার বার্ষিক প্রবৃদ্ধি ২ শতাংশের উপরে ছিল।
২০২৪ সালে আমেরিকার বার্ষিক প্রবৃদ্ধি ছিল ২.৮ শতাংশ। কিন্তু চলতি বছরের প্রথম প্রান্তিকে জিডিপি ০.৩ শতাংশ হ্রাস পেয়েছে, যা ২০২২ সালের পর প্রথম সংকোচন।এর মধ্যে,মার্কিন কমার্স ডিপার্টমেন্ট জানিয়েছে,বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ আমেরিকার মোট দেশজ উৎপাদন,জিডিপি প্রথম ত্রৈমাসিকে ০.৩ শতাংশ বার্ষিক হারে হ্রাস পেয়েছে, যা ২০২৪ সালের শেষ মাসগুলোতে ছিল ২.৪ শতাংশ।









