
তামিলনাড়ুর হোসুরে টাটার ইলেকট্রনিক্স কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত প্রায় দেড় হাজার কর্মচারীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দমকলের প্রায় ২৪টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছে। পুলিশ সূত্রে খবর, টাটা ইলেকট্রনিক্সের ওই কারখানায় মোবাইল ফোন উৎপাদন বিভাগে প্রথম আগুন লাগে। পরে সেই আগুন কারখানার অন্যত্র ছড়িয়ে পড়ে। কর্মচারীদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে দমকল বিভাগের অনুমান। আগুন লাগার আসল কারণ অনুসন্ধান করছে দমকল বাহিনী। টাটা ইলেকট্রনিক্সের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, আগুন লাগার সময় কারখানায় দেড় হাজার কর্মচারী কাজ করছিলেন। দ্রুত আপৎকালীন নিরাপত্তা বিধি মেনে তাঁদের সকলকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে প্রশিক্ষিত কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করেছে দমকলবাহিনী।









