
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবার ফিরছে হাঁসফাঁস গরমের দিন। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও বড় কোনও সতর্কতা জারি করা হয়নি।
আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে আলাদা কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুধু জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। উত্তরবঙ্গের বাকি জেলায় আর কোনও সতর্কতা জারি করা হয়নি। সপ্তাহভর আবহাওয়া শুকনো থাকবে।






