
বারবার মুলতুবির কারণে সোমবার লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্দে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক হয়নি। কারণ বিরোধী সাংসদেরা পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা দাবি করে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিনে সরব হওয়ার স্পিকারের বিরুদ্ধে তাঁদেরই আনা অনাস্থা প্রস্তাব পেশ হয়নি লোকসভায়।
বিরোধী সদস্যদের নিরবচ্ছিন্ন বিক্ষোভের কারণে প্রথমে দুপুর ১২টা, তার পর বিকেল ৩টে এবং তার পরদিনের মতো সভা মুলতবি করে দেওয়া হয়। সভা পরিচালনার দায়িত্বে থাকা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল শৃঙ্খলা বজায় রাখতে এবং বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটি গ্রহণ করে সভায় বিতর্কের সুযোগ দিতে অনুরোধ করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় সভা মুলতুবি করে দেন তিনি। বিরোধীদের আচরণকে অপরিণত এবং দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেছেন জগদম্বিকা।









