
নবান্নের বৈঠকের আগেই ৫ টি দাবি রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকারা। বিকাশভবনে শিক্ষাসচিবের বৈঠক ফলপ্রসূ হয়নি বলে আগেই জানিয়েছিলেন চাকরিহারারা।
এবার তাই সরাসরি মুখ্যমন্ত্রীকেই চিঠি দিয়েছেন চাকরিহারারা। চিঠিতে একাধিক দাবির কথা উল্লেখ করেছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারা। মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে প্রথমেই উল্লেখ করা হয়েছে নতুন করে আর কেউ পরীক্ষায় বসবেন না। কারণ অনেকেই অসুস্থ। তাই রিভিউ বা কিউরেটিভ-র মাধ্যমে তাঁদের চাকরি সুনিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত নোটিফিকেশন না দিয়ে আইনগতভাবে বেতন চালু রেখে স্বপদে বহাল রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। তৃতীয়ত পরীক্ষা দেওয়া মানে যোগ্যদের মৃত্যুর সমান শাস্তি। তাই নোটিফিকেশন নিয়ে আতঙ্কে রয়েছেন তাঁরা। প্রয়োজনে কোর্ট থেকে পারমিশন নিয়ে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে রাজ্য সরকার চাকরি অক্ষুন্ন রাখুক। শেষে দাবি জানানো হয়েছে সিবিআইয়ের রিপোর্টে অনুযায়ী যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বাদ দিয়ে যোগ্যদের তালিকাপ্রকাশ করার ।
স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যার জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মী।








