
অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার পর এক সপ্তাহও কাটেনি। এরই মধ্যে নতুন আতঙ্কে ,এবার খুনের হুমকি পেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা।
কপিলের অভিযোগ, ইমেইলের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছে তাকে।মুম্বাই পুলিশ সূত্রের খবর, ওই হুমকি ইমেইল আবার এসেছে পাকিস্তান থেকে। রিপোর্ট অনুসারে, অজ্ঞাত হুমকি পাওয়ার এই তালিকায় রয়েছেন কমেডিয়ান-অভিনেতা রাজপাল যাদব, নৃত্য পরিচালক রেমো ডি’সুজা, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্রও। জানা গেছে, বিষ্ণু নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে হুমকি ইমেইল পাঠানো হয়েছে।অভিনেতা রাজপাল যাদব এই হুমকির বিষয়ে মুম্বাইয়ের আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছেন।হুমকিমুলক মেইলে কপিল শর্মা, তার পরিবার এবং রাজপাল যাদবকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। ইমেইলে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে আপনাদের কাজকর্ম নজরে রাখা হচ্ছে। এই বার্তা গোপন রাখা হোক এবং গুরুত্ব সহকারে নেওয়া হোক। এদিকে, মুম্বাই পুলিশকে কপিল জানিয়েছেন, তার মেলে একটি হুমকি বার্তা এসেছে। যেখানে বলা হয়েছে, আমরা আপনার প্রতিদিনের কার্যকলাপের উপর নজর রাখছি। আমরা মনে করি স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আপনার আরও বেশি করে মুখ খোলা উচিত। এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। নিজেদের প্রচারের জন্য এমন বার্তা পাঠানো হয়নি।কপিলের দাবি, মাত্র ৮ ঘণ্টার মধ্যে তাকে সেই ইমেইলের জবাব দিতে বলা হয়। না হলে ফল ভুগতে হবে বলে হুমকিও দেওয়া হয়েছে।
ওই বার্তাটির নিচে প্রেরণকারী নিজেকে বিষ্ণু বলে পরিচয় দিয়েছেন।পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, ওই হুমকি বার্তাটি পাকিস্তান থেকে এসেছে।









