
বাড়িতে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ সদস্যের। গুরুতর জখম হয়েছেন একজন। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের দক্ষিণ আসানসোল থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বাবলু সিং এবং তাঁর বৃদ্ধ বাবা-মা আগুনে পুড়ে মারা গিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছে বাবলু-র স্ত্রীর। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে আসানসোল দক্ষিণ থানার ফতেপুর বৈশালী পার্কে একটি বাড়িতে আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যে পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। বাড়ির সদস্যেরা ঘুমিয়ে ছিলেন। ওই অবস্থায় দুই বৃদ্ধ-বৃদ্ধা অগ্নিদগ্ধ হন। আগুনে পুড়ে যান তাঁদের পুত্রও।
স্থানীয়েরা আগুন নেবানোর চেষ্টা করেও পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং পুলিশ। বেশ কিছু ক্ষণের চেষ্টায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। দমকলবাহিনীর অনুমান, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড।









