
আবারও যৌন হেনস্থার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে নদিয়ার বীরনগর পুরসভা এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে তাহেরপুর থানার পুলিশ। সূত্রের খবর, বীরনগর শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতির বিরুদ্ধে শনিবার তাহেরপুর থানায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করে তার পরিবার। পেশায় গৃহশিক্ষক ওই তৃণমূল নেতার কাছে প্রাইভেট টিউশন নিত ওই ছাত্রী। অভিযোগ, গত কয়েকদিন আগে ওই ছাত্রীকে পড়ানোর সময় একলা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ওই তৃণমূল নেতা।
বিষয়টি জানতে পেরে নাবালিকার পরিবার তাহেরপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করে তাঁকে গ্রেফতার করা হয়।









