
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন ট্রাম্প।
তিনি বলেছেন, ইরানকে ঘিরে আলোচনা অব্যাহত থাকবে।বৈঠকটি ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং গাজা যুদ্ধ নিয়ে বর্তমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এ বৈঠক আয়োজন করা হয়েছিল। সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প বৈঠকটিকে খুব ভালো বলে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন,আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। তবে আমি ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে জোর দিয়েছি, যাতে দেখা যায় কোনো চুক্তি সম্পন্ন করা সম্ভব কি না। চুক্তি সম্ভব হলে সেটাই হবে আমেরিকার অগ্রাধিকার।আর যদি সম্ভব না হয়, তাহলে ফলাফল কী দাঁড়ায় তা দেখতে হবে। তবে তিনি স্পষ্ট করেননি, নেতানিয়াহু তার অবস্থানের সঙ্গে একমত কি না।আলোচনা ব্যর্থ হলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে বলেও সতর্ক করেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ২০২৫ সালের জুনে ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার কথাও উল্লেখ করেন। ট্রাম্প বলেন, গতবার ইরান ভেবেছিল চুক্তি না করাই তাদের জন্য ভালো হবে। তখন তাদের ওপর মিডনাইট হ্যামার চালানো হয়েছিল, যা তাদের জন্য ভালো ফল বয়ে আনেনি। আশা করি এবার তারা আরও যুক্তিসঙ্গত ও দায়িত্বশীল হবে।মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন, বৈঠকে গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
এদিকে, পৃথক এক বিবৃতিতে নেতানিয়াহুর অফিস জানিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী ইসরায়েলের নিরাপত্তা বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। আমেরিকা, এ বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় ও অব্যাহত যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে।প্রধানমন্ত্রীর অফিস আরও জানিয়েছে, বৈঠকে ইরান, গাজা এবং বৃহত্তর আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।









