
নবদ্বীপে এক অজ্ঞাতপরিচয়ের মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া শাখার বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মের কাছে শনিবার সকালের ঘটনা।
সূত্রের খবর, ওই মহিলার দেহ বিবস্ত্র অবস্থায় প্ল্যাটফর্মের ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানা ও রেল পুলিশ। তারা দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন ওই মহিলাকে। সূত্রের খবর, যে এলাকা থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে, সেখানে একটি মদের দোকান রয়েছে। শনিবার সকালে স্থানীয়রাই প্রথমে দেহ দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর। তাঁর নাম, পরিচয় জানতে মহিলার ছবি নদিয়া, বর্ধমান ও আশেপাশের জেলাগুলির পুলিশের কন্ট্রোল রুমে পাঠানো হয়েছে। একই সঙ্গে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে, তা জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।









