
ভোটের প্রথম দিন সকাল থেকে দিনভর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষ্ণনগর, মথুরাপুর ও হাওড়ায় জনসভা করেছেন।সভাগুলি থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূল কংগ্রেসকে একের পর এক আক্রমণে বিদ্ধ করেছেন তিনি।
এবার পালটা জনসভায় তা নিয়ে পালটা আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে চৌরঙ্গীতে দলের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভায় তাঁর মন্তব্য, কোন সাহসে ভোটের দিন এসে এখানে প্রচার করছে, এসেছে হাওয়া গরম করতে। ডিলিমিটেশন বিল সংসদে আটকে যাওয়া নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, তখনই বোঝা গিয়েছিল, মানুষের আস্থা নেই। পদত্যাগ করা উচিত ছিল প্রধানমন্ত্রীর। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেছেন, এসআইআরের নাম করে ক্ষমতা নিয়ে নিয়েছে। ওদের লোক বসিয়েছে। ওরা আমার সঙ্গে যোগাযোগও রাখে না। নবান্নটাকে তছনছ করে দিয়েছে। এর দায়িত্ব কিন্তু ওদের নিতে হবে। কোনও ঘাপলা হলে সব ওদের ঘাড়ে যাবে। আমি সামলাব, আর তোমরা হামলা করবে, তা হতে পারে না।
তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,বাংলার মানুষ জানে কী ভাবে ভোট রক্ষা করতে হয়। বিজেপি সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সবচেয়ে বড় দুর্নীতিবাজ সরকার।









