
প্রাক্তন সাংবাদিক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কুশ দেশাইকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ডেপুটি প্রেস সচিব পদে নিয়োগ করেছেন।
বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। কুশ ছাড়াও দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প আরও দুই ভারতীয় বংশোদ্ভূতকে জাতীয় নিরাপত্তা ও পার্সোনেল বিভাগে নিযুক্ত করেছেন। তাঁরা হলেন, রিকি গিল ও সৌরভ শর্মা। রিকি গিলকে জাতীয় নিরাপত্তা পর্ষদের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিভাগের সিনিয়র ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, সৌরভ শর্মা দায়িত্ব পেয়েছেন ট্রাম্পের পার্সোনেল অফিসে, যাঁর কাজ হবে কর্মী নিয়ন্ত্রণ ও সরকারি কাজে নিয়োগ সংক্রান্ত বিষয়ক। কুশ এর আগে ২০২৪ রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন এবং আইওয়ার কমিউনিকেশনস ডিরেক্টর ফর দ্য রিপাবলিকান পার্টির পদে নিযুক্ত ছিলেন। এছাড়াও রিপাবলিকান ন্যাশনাল কমিটির পেনসিলভ্যানিয়ার কমিউনিকেশন ডিরেক্টর এবং ডেপুটি ব্যাটলগ্রাউন্ড স্টেটসেও কাজ করেছেন।
নিউ জার্সিতে জশবীর এবং পরম গিলের সন্তান রিকি গিল। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি লাভ করেন। সৌরভ শর্মার জন্ম বেঙ্গালুরুতে। টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতক হন তিনি।








