
দক্ষিণবঙ্গে গরমের বিরতি নেই। এই পরিস্থিতিতে স্কুলের সময় বদলের পরামর্শ দিয়ে নোটিস দিয়েছে রাজ্য।
প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদকে দেওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। তবে সময় পরিবর্তন হলে পঠনপাঠন এবং মিড ডে মিল পরিষেবা অব্যাহত থাকবে। সরকার এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুলের ক্ষেত্রেই এই বিধি কার্যকর হবে বলে জানিয়েছে রাজ্য। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে রাজ্য জুড়ে যেভাবে তাপপ্রবাহ চলছে তাতে বেলার পরিবর্তে সকালের দিকে ক্লাস করানোর সুপারিশ দেওয়া হয়েছে । রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব স্কুলের ক্ষেত্রে এই বিধি কার্যকর করতে বলা হয়েছে । উত্তরের রাজ্যগুলোয বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণে তাপপ্রবাহের প্রকোপ চলছে।









