
টানা বৃষ্টির পর এবার গুজরাটে অজানা জ্বরে চার শিশু-সহ ১২ জনের মৃত্যুতে উদ্বেগ বাড়ছে।ঘটনাটি ঘটেছে কচ্ছ জেলার লাখপত তালুকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃত্যুর প্রাথমিক কারণ সম্ভবত নিউমোনিয়া। জ্বরের সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছে রোগীদের।
স্থানীয় কয়েকটি পঞ্চায়েতের সদস্যদের দাবি, চিকিৎসকেরা জ্বরের কারণ নির্ণয় করতে পারেননি।পাকিস্তান সীমান্তের কাছেই রয়েছে এই লাখপত তালুক। কচ্ছের জেলাশাসক অমিত অরোরা জানিয়েছেন, ওই তালুকে ২২টি পর্যবেক্ষক দল মোতায়েন করা হয়েছে। জ্বরে আক্রান্তদের রক্ত, লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। দেখা হচ্ছে, ম্যালেরিয়া, ডেঙ্গি, সোয়াইন ফ্লু বা ক্রিমিয়ান-কঙ্গো জ্বর হয়েছে কি না ।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নিউমোনাইটিসে মৃত্যু হয়েছে আক্রান্তদের। ছোঁয়াচে কোনও রোগ বলে মনে হচ্ছে না।ইতিমধ্যে কচ্ছ জেলার পঞ্চায়েতের সদস্য মীনাবা জাডেজা গুজরাট কংগ্রেস প্রধানকে একটি চিঠি দিয়েছেন।









