
এবারের সিজনে লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা বেশ জমে উঠেছে।ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্টে শীর্ষে থাকলেও তাদের স্বস্তি নেই আসলে। সমান ম্যাচে ৪৯ ও ৪৮ পয়েন্টে যে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা।চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা জমেছে ইউরোপের অন্য শীর্ষ চার লিগেও।
অবশ্য বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ আর লিগ আঁতে পিএসজি প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে গেছে। তবে বাকি দুই- প্রিমিয়ার লিগ ও সিরি আঁতে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই জমে গিয়েছে।তবে দলের বাইরে ব্যক্তিগত লড়াইটা আরো জমে উঠেছে। আর তা হচ্ছে- শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াই।অর্ধেকের একটু বেশি সিজন শেষে কোনো লিগেই এককভাবে নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে পারেননি স্ট্রাইকাররা।শুধু বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন ছাড়া।
২১ গোল নিয়ে শীর্ষে থাকা কেইন অবশ্য এই স্বস্তি পেতে পারতেন না যদি ওমর মারমুশ দলবদলের শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিটিতে যোগ না দিতেন।যাওয়ার আগে আইনট্রাখট ফ্রাংকফুর্টের হয়ে ১৭ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি। বাকি চার লিগেই স্ট্রাইকারদের ইঁদুর-বিড়াল দৌড় চলছেই।









