
আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে আমেরিকা। প্রথম চালানে ৫০০ মিলিয়ন ডলারের তেল বিক্রি হয়েছে। তবে এই তেলের ক্রেতা কে বা কারা, ওই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
এরকম আরো তেল বিক্রি আগামী কয়েক দিন ও সপ্তাহে হওয়ার আশা করা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স এক বিবৃতিতে বলেছেন, ভেনেজুয়েলার মাদক-সন্ত্রাসী নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিকভাবে দেশটির সঙ্গে একটি ঐতিহাসিক জ্বালানি চুক্তি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই চুক্তি আমেরিকা ও ভেনেজুয়েলার মানুষের উপকারে আসবে।এর আগে, ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা উভয়েই নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।মার্কিন প্রশাসনসূত্রে জানা গেছে,আমেরিকায় মাদক সরবরাহের অভিযোগে আদালতে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়ার বিচার হবে। মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের তিন দিন পর ৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি তেল আমেরিকায় আনার ঘোষণা করে বলেছেন, প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল জ্বালানি তেল আসছে দেশটি থেকে।
এই তেল বিক্রি ভেনেজুয়েলাতে মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর করা প্রথম বড় পদক্ষেপ। এদিকে,প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা ভেনেজুয়েলার তেল খাতে কমপক্ষে ১০০ বিলিয়ন অর্থাৎ ১০০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে, যাতে দেশটির তেল শিল্প পুনরুদ্ধার করা যায়।








