
ইসরায়েল ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াইয়ের মধ্যে মাত্র ২৪ ঘণ্টায় লেবাননের ভেতরে নতুন করে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ।
গত সপ্তাহ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ চলছে। আমেরিকা-ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা শুরু করার পর এ লড়াই শুরু হয়। এ সময় ইসরায়েলি বাহিনী লিতানি নদীর দক্ষিণে পুরো দক্ষিণ লেবানন এবং হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেইরুটের উপশহরের একটি অংশে হামলার মধ্যে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
লেবাননে রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেছেন,এখনও পর্যন্ত লেবাননে বাস্তুচ্যুত হিসেবে সরকারি অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করেছেন ছ’ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ এবং মাত্র এক দিনেই এ সংখ্যা এক লাখ বেড়েছে।জেনেভায় সাংবাদিকদের তিনি বলেছেন, ২০২৪ সালের তুলনায় বাস্তুচ্যুত হওয়ার গতি এবার আরো দ্রুত।









