
পশ্চিম এশিয়ায় যুদ্ধে বিমানের জ্বালানির দামও এখন আকাশছোঁয়া। সেই আবহে কেন্দ্রকে এবার এসওএস দিয়েছে সমস্ত বিমান সংস্থা। যে হারে বিমানের জ্বালানির দাম বাড়ছে, তাতে আর পরিষেবা দেওয়া সম্ভব নাও হতে পারে, ঝাঁপ বন্ধ করে দেওয়া হতে পারে বলে বার্তা দেওয়া হয়েছে।
জ্বালানির দামে রদবদল করতে আবেদন জানিয়েছে এয়ার ইন্ডিয়া-সহ তিনটি সংস্থা, যার উপর উড়ান পরিষেবার ৪০ শতাংশ খরচ নির্ভর করে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্সের তরফে চিঠি দেওয়া হয়েছে বেসামরিক বিমান মন্ত্রককে।
বলা হয়েছে, অন্তর্দেশীয় হোক বা আন্তর্জাতিক উড়ান, কোনও রকম বর্ধিত মূল্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে উঠবে। বিমানগুলি অচল হয়ে পড়ে থাকবে। বাতিল করতে হবে বিমান। ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেটের হয়ে প্রতিনিধিত্ব করে। ২৬ এপ্রিলের ওই চিঠিতে আরও বলা হয়েছে যে, পরিষেবা টিকিয়ে রাখতে, নিজেদের অস্তিত্ব বজায় রাখতে, পরিষেবা অব্যাহত রাখতে এবং এই সঙ্কট কাটিয়ে উঠতে সরকারের তরফে অবিলম্বে আর্থিক সহায়তা কাম্য।








